সামাজিক যোগাযোগ মাধ্যমকে দুষলেন তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মূলধারার গণমাধ্যম এখন হুমকীর মুখে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ভালো কিছু না। ইউরোপের এক জরিপে দেখা গেছে, সেখানকার ৮০ শতাংশ মানুষ মনে করে, সামাজিক যোগাযোগ সামাজিক অস্থিরতা তৈরি জন্য দায়ী। এগুলো গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার জন্য হুমকি।
শুক্রবার (০৬ মার্চ) ঢাকা বিশ্ববদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মূলধারার গণমাধ্যম এখন হুমকির মুখে। তাদের অস্তিত্ব হুমকির মুখে। বেশিরভাগ বিজ্ঞাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে চলে গেছে। এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, পুরো বিশ্বেই। যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশের অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে। সার্কুলেশন কমে গেছে।
তিনি বলেন, দেশ ডিজিটাল হলেও এটা সত্য, টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল হয়নি। ক্যাবল অপারেটরদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। গত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমনটা করার কথা ছিল। কিন্তু করেনি। তাদের আবার সময় নির্ধারণ করে দেব। কাজ না হলে কঠোর হব। প্রয়োজনে আইন প্রয়োগ করব।
বিজেসি'র সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেল এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।